সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের রানীপুকুরপাড় এলাকায় পুকুরের মাছধরাকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে দু’পক্ষের হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও মাধাইনগর ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের খগেন্দ্রনাথ মাহাত (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আহত খগেন্দ্রনাথ মাহাত বলেন, এদিন সকালে মাছ ধরতে জাল ও লোকবল নিয়ে আমার ক্রয়কৃত গুল্টা গ্রামের রানীপুকুরপাড়ে যাই। এ সময় ওই পুকুরের মালিকানা দাবি করে অনিল, দুর্গা, হরি, অজিত, চঞ্চল ও মঙ্গল (পটল) মাছ ধরতে বাধা দেয়। এ নিয়ে তাদের সঙ্গে আমার বাগ্বিত-ার একপর্যায়ে তারা আমার ওপর অতর্কিতে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয়রা ও আমার লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
