নওগাঁ থেকে ‘চিড়িয়াখানা’ নাটক নিয়ে ঢাকায় স্থানীয় শিশু নাট্যশিল্পীরা। প্রথমবার ঢাকার মঞ্চে অভিনয় করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত দলটির সদস্যরা। নাটকে বড় বাবু চরিত্রে অভিনয় করা শিশুশিল্পী মহিমা খাতুন দেশ রূপান্তরকে জানায়, ঢাকায় এত বড় উৎসবে অভিনয় করতে পেরে ভীষণ আনন্দিত সে। বড় হয়ে নাট্যশিল্পী হতে চায়। রবিবার রাত ৮টায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে নিমাই সরকারের নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘চিড়িয়াখানা’ নাটকটি। লিখেছেন দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি।
গত শুক্রবার শুরু হওয়া ‘১৪তম জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব’-এ সোমবার ছিল চতুর্থ দিন। শতাধিক শিশু-কিশোরের নাটক, আবৃত্তি, নৃত্য পরিবেশনায় এদিনও মুখরিত হয় শিল্পকলা প্রাঙ্গণ। রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গন মঞ্চস্থ করে ‘ময়না মেয়ের বিয়ে’, নেত্রকোনার শিশুশিল্পীরা পরিবেশন করে ‘জন্ডিস ও বিবিধ বেলুন’, দিনাজপুরের সোনালী থিয়েটার মঞ্চস্থ করে ‘নরমেধ’। এ ছাড়া পিরোজপুর, ময়মনসিংহ, ঝালকাঠি, দিনাজপুর, লালমনিরহাট, নেত্রকোনা, রাজবাড়ী ও কুমিল্লার শিশুদল পরিবেশন করে আবৃত্তি, একক অভিনয়।
উৎসব আয়োজকদের দেওয়া তথ্যমতে সারা দেশের ১০ হাজারের মতো শিশু-কিশোর অংশ নিচ্ছে এই উৎসবে। যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস লিটল থিয়েটার অ্যাসোসিয়েশন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, এ উৎসবে ৯৫টি শিশু নাট্যদল অংশ নিচ্ছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি ৮টি ভেন্যুতে প্রতিদিন ৮৫টি পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। শিশু-কিশোরদের সঙ্গে তাদের অভিভাবকরা এসেছেন। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। ৬৪ জেলার ১০ হাজারেরও বেশি শিশু-কিশোর অংশ নিচ্ছে উৎসবে।
