ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বের কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। পাশাপাশি সাত দিনের মধ্যে ছাত্রদলের নতুন কমিটির সভাপতি মো. ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এতে মামলার বাদীর প্রার্থিত মতে কেন ছাত্রদলের নেতৃত্বের কার্যক্রমের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না সে বিষয়ে দুজনকে জবাব দিতে বলা হয়েছে।
ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে গতকাল সোমবার ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জজ আদালত এ আদেশ দেয়।
আদালতের নিষেধাজ্ঞা জারির আদেশের প্রতিক্রিয়ায় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি খোকন দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা গঠনতন্ত্র মেনে কাউন্সিল করেছি। নিয়ম অনুযায়ী কাউন্সিলরদের ভোটেই আমরা নেতা নির্বাচিত হয়েছি। তাই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।’
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার দেশ রূপান্তরকে জানান, আদালত ছাত্রদলের দুই নেতার কার্যক্রমের ওপর সাত দিনের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি তাদেরকে এই মামলায় বিবাদী করার আদেশসহ দুজনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। তিনি আরও বলেন, ‘গত রবিবার এক আবেদনে ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামলকে এই মামলায় পক্ষভুক্ত করার আবেদন করেছিলেন মামলার বাদী। নিয়ম হলো আবেদনের পর বিবাদীপক্ষকে এর একটি অনুলিপি সরবরাহ করতে হয়। কিন্তু তা করা হয়নি। আজ (গতকাল) আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ হলো।’
গত ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল হওয়ার কথা ছিল। তবে এর আগে ১২ সেপ্টেম্বর আমানউল্লাহ আমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কাউন্সিলের ওপর অবস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। একই সঙ্গে ওই কাউন্সিলের কার্যক্রমের ওপর কেন স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তা জানতে চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিস জারি করেছিল আদালত।
এরই পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কাউন্সিল স্থগিত করা হয়। পরে হঠাৎ করে গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ছাত্রদলের কাউন্সিল হয়।
কাউন্সিলে সভাপতি হন ফজলুর রহমান খোকন। সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন শ্যামল। নির্বাচিত এই দুই শীর্ষ নেতা গত শনিবার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করেন। এরপর রবিবার তারা ঢাকা বিশ^বিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যান। গতকালও ছাত্রদলের নেতারা মধুর ক্যান্টিনে যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় টিএসসিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
×
