কিশোরগঞ্জের ভৈরবের গোছামারা এলাকা থেকে সাড়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ৩ নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক টিম এদের আটক করে বলে জানিয়েছেন কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
পরে মঙ্গলবার দুপুরে র্যাব বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
র্যাব ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও এডি চন্দন কুমার দেবনাথের নেতৃত্বে র্যাবের একটি টিম সোমবার রাতে ভৈরবের শিমূলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকায় আকবর মিয়ার বসতঘরে অভিযান চালায়।
এ সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের গফুর মিয়ার ছেলে কাদের (৪২), ভৈরবের কালিপুর গ্রামের আকবর মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (৪০), কুলিয়ারচর উপজেলার চৌমুরি কিলারবন গ্রামের মৃত খোকন মিয়ার স্ত্রী আর্জিনা ওরফে আরজু (৫০) ও নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত জলিল মিয়ার স্ত্রী আছিয়া বেগমকে (৫০) আটক করা হয়।
এ সময় আটক ব্যক্তিদের নিজ হেফাজতে রাখা সাড়ে ৫২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
