যশোরের ঝিকরগাছায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কে ঝিকরগাছার মল্লিকপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় নাভারণ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক টিটো কুমার নাথ জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস মল্লিকপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী পথচারী তরিকুল ইসলাম (২৩) ও শিশু তৈয়বা খাতুন (৮) বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
নিহত তরিকুল ইসলাম উপজেলার বেলের বটতলা গ্রামের আলম হোসেনের ছেলে এবং তৈয়বা মল্লিাকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
তরিকুল পেশায় কাঠমিস্ত্রী এবং তৈয়বা স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী। পুলিশ লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
