যুবলীগ নেতার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৭ পিএম

খুলনায় মহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার বিকেলে নগরীর সোনাডাঙ্গা মজিদ সরণির সুজুকি শোরুমের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম বটিয়াঘাটা উপজেলার জলমা মাদ্রাসা রোডের মো. শওকত আলীর ছেলে ও খুলনা মহানগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজের চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল পৌনে চারটার দিকে মহিদুল ইসলামসহ চারজন সোনাডাঙ্গা মজিদ সরণির সুজুকি শো রুমে আসেন। তিনজন শো রুমের ভেতরে যান ও মহিদুল বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহিদুল বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিহতের পেটের বাম পাশে ও গলায় ধারালো ছুরি দিয়ে আঘাতের কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে ব্যাপারে খোঁজ নেওয়া  হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত