পদ্মা সেতু চালু হওয়ার আগেই ভোমরা স্থলবন্দর সড়ক চার লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ভোমরার প্রতি সরকারের বিশেষ দৃষ্টি আছে। এ বন্দরের যেমন অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তেমনি অনেক সম্ভাবনাও আছে। অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে আগামী ৪-৫ বছরের মধ্যে ভোমরা বন্দরকে একটি আকর্ষণীয় বন্দরে পরিণত করা হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনয়নে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোমরা বন্দরে রেজিস্ট্রার্ড শ্রমিক সংগঠন থাকা সত্ত্বেও লেবার ঠিকাদার কী জন্য, তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে আলোচনা হয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
সভায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, কাস্টমস কমিশনার মোস্তবা আলী, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
