জামালপুরের বকশীগঞ্জে কঙ্কাল চুরির অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার ভোরে উপজেলার সারমারা বাজারে সহি উদ্দিন (৩৫) নামে ওই যুবককে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী জানান, মঙ্গলবার দিবাগত রাতে বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামের কবরস্থান থেকে নয় মাস আগে মারা যাওয়া রোকেয়া বেগম নামে এক নারীর কঙ্কাল চুরি করেন ওই ইউনিয়নের টালিয়া পাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে সহি উদ্দিন।
বুধবার ভোরে চুরি করা কঙ্কাল নিয়ে যাওয়ার সময় সারমারা বাজারের নৈশ প্রহরীদের হাতে ধরা পড়ে সহি উদ্দিন।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
