নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি লিটনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১১ এর উপ-পরিচালক তালুকদার নাজমুছ সাকিব জানান, ভোরে ঢাকার কেরানীগঞ্জ কদমতলী এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার আসামি লিটনকে গ্রেপ্তার করা হয়।
লিটন রূপগঞ্জের শান্তিনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি। তার বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে সোমবার রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তার লিটনকে জিজ্ঞাসাবাদ, মামলার এজাহার পর্যালোচনা ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ১০ বছরের শিশু। ভিকটিম পরিবারের সঙ্গে শান্তিনগর এলাকায় বসবাস করে আসছিল। গত ২২ সেপ্টেম্বর বিকেলে ভিকটিম তার বাসার পাশের বালুর মাঠে খেলাধুলা করার সময় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করেন লিটন। পরে কাউকে কিছু না বলার জন্য ভিকটিমকে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন আসামি। পরবর্তীতে শিশুটি বাড়ি এসে ব্যথায় চিৎকার করলে আশপাশের বাড়ির লোকজন চলে আসলে লিটন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
