পাকিস্তানকে ‘টেররিস্তান’ বলে সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল বুধবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে জি নিউজ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় কোনো অসুবিধা নেই। কিন্তু টেররিস্তানের সঙ্গে কোনো কথা চলতে পারেন না। পাকিস্তান ও টেররিস্তান একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
তিনি আরও বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর পাকিস্তান এবং চীন প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু এই দুই দেশের এজেন্ডা ভিন্ন। শুধু ভারতের জন্যই তৈরি করা হয়েছে জঙ্গি সংগঠনগুলো। দীর্ঘ সময় ধরে উন্নয়ন, কর্মসংস্থানের ব্যাঘাত ঘটায় বিচ্ছিন্ন পরিবেশ তৈরি হয়েছে জম্মু-কাশ্মীরে। আর সেটাকেই কাজে লাগাচ্ছে পাকিস্তান।
জয়শঙ্করের যুক্তি, সমস্যা হচ্ছে পাকিস্তানের মানসিকতা। কাশ্মীর নিয়ে তাদের মাথাব্যথ্যা হলে মুম্বাইয়ে জঙ্গি হামলা চালানো হলো কেন? মুম্বাইয়ের সঙ্গে তো কাশ্মীরের সম্পর্ক নেই।
