মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকায় শ্যাম চন্দ্র দাস (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুকুরের মাছ ধরা নিয়ে এ সংঘর্ষ হয়। নিহতের চাচাতো ভাই লক্ষ্মণ দাস জানান, পুকুরে মাছ ধরা নিয়ে শ্যাম চন্দ্রের সঙ্গে প্রতিবেশী দিলীপ বালার কথাকাটাকাটি হয়। পরে দিলীপ দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর জখম হন শ্যাম চন্দ্র। পরে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। মামলা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
