ক্লাস-পরীক্ষা চালু এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, গত নয় মাস ধরে প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় পরীক্ষা পেছানো ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানাভাবে অসহযোগিতা করে আসছে। তারা আরও অভিযোগ করেন, কলেজটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচ্ছে না। যে কারণে বন্ধ রয়েছে তাদের পরীক্ষা।
সদর থানার ওসি মঈনউদ্দিন বলেন, সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ অমলেন্দু ঘোষ বলেন, কলেজ থেকে পরীক্ষার তারিখ চেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সাড়া পাওয়া যায়নি।
