খুলনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২০ এএম

খুলনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিকাশ কুমার দে (৪০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত একটার দিকে ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিকাশ ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকার বীরেন দে’র ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

খুলনা র‌্যাব-৬ সূত্র জানায়, ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল ও প্রায় ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবেরর তিন সদস্যও আহত হয়েছেন বলে দাবি র‌্যাবের।

র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার আশরাফ জানান, বুধবার রাতে র‌্যাব সদস্যরা টহল দেওয়ার সময় গোপন সূত্রে জানতে পারে- ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া শ্মশানঘাট এলাকায় একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে। র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে গেলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে বিকাশ দে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, গুলিবিদ্ধ অবস্থায় বিকাশকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত