ভারতের একটি গ্রামে খোলা জায়গায় মলত্যাগ করায় দুই দলিত শিশুকে পিটিয়েই মেরে ফেলেছে স্থানীয়রা। অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভাওকেড়ি গ্রামে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র জানায়, নিহত দুই শিশুর নাম রোশানি (১২) ও অবিনাশ (১০)। অবিনাশ সম্পর্কে রোশানির ভাইপো। অভিযোগ, ভোরে গ্রামের পঞ্চায়েত ভবনের সামনের রাস্তায় মলত্যাগ করেছিল ওই দুই শিশু। এ কারণে নির্মমভাবে পিটিয়ে মেরেই ফেলা হয়েছে।
অবিনাশের বাবা মনোজ বাল্মীকির অভিযোগ, তারা দলিত হওয়ায় গ্রামে বৈষম্যের শিকার। তাই সামান্য কারণে দুই শিশুকে পিটিয়ে মেরে ফেলতে গ্রামবাসীদের বিবেকে বাধল না।
তিনি জানান, দুজনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে, রাস্তার ওপরেই আধমরা করে ফেলে রেখেছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা যায় অবিনাশ ও রোশানি।
পুলিশ জানায়, এ ঘটনায় হাকিম সিং যাদব ও রামেশ্বর যাদব নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হাকিমের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আইপিসি'র ৩০২ (খুন) ধারা ছাড়াও এসসি/এসটি নৃশংসতা প্রতিরোধ আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। তবে দলিত বলেই যে দুই নাবালককে পিটিয়ে খুন করা হয়েছে, এটি মানতে চাননি পুলিশ কর্মকর্তা।
এই ঘটনায় বিজেপি ও কংগ্রেসের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী। তার মতে, গ্রামে শৌচাগারের ব্যবস্থা করেনি সরকার। তাই এমন ঘটনা ঘটল।
