জেলার অষ্টগ্রাম উপজেলার কৃষক আব্বাস আলী হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- অষ্টগ্রাম উপজেলার কাস্তল শেখেরহাটি গ্রামের বাসিন্দা মঙ্গু মিয়া (৩৫), জঙ্গু মিয়া (৩৪), মঞ্জু মিয়া (৫৫), এনায়েত (৫৫), কাকন মিয়া (৩৫), কাজল (২২) ও দুলু মিয়া (৩০)। এদের মধ্যে মঙ্গু মিয়া, জঙ্গু মিয়া, মঞ্জু মিয়া সহোদর ভাই। মঞ্জু মিয়া পলাতক আছেন।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার কাস্তল শেখেরহাটি গ্রামের কৃষক আব্বাস আলী সাথে একই গ্রামের জঙ্গু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০০৫ সালের ২৩ জুলাই সকালে আব্বাস আলী বিরোধীয় জমিতে চাষ করতে গেলে আসামিরা দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় বল্লমের আঘাতে হত্যা হয় আব্বাস।
এ ঘটনায় নিহতের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে ওই দিন রাতে ১১ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা ও অষ্টগ্রাম থানার এসআই আব্দুল করিম।
অভিযোগপত্রে দুইজনের নাম বাদ দেওয়া হয়। বিচার চলাকালে আসামি পুতুল বেগম ও নওয়াব মিয়ার মৃত্যু হওয়ায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সাক্ষী ও দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সৈয়দ শাহজাহান। আসামি পক্ষে ছিলেন অ্যাভোকেট রাখাল চন্দ্র সরকার।
