অর্থপাচার মামলায় দণ্ডিত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার সকালে তিনি চার ঘণ্টার জন্য কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে চার ঘণ্টার জন্য আল মামুনকে তার মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্যারোলের শর্ত অনুযায়ী তিনি নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না। তার সঙ্গে সার্বক্ষণিক পুলিশ থাকবে এবং চার ঘণ্টা সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কারাগারে আসতে হবে।
বুধবার ভোরে মামুনের মা হালিমা খাতুন বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মামুনের বড় ভাই জালাল উদ্দিন রুমি বুধবার তার প্যারোলো মুক্তির আবেদন করেন।
বৃহস্পতিবার তাকে প্যারোলে জামিন দেওয় হয়।
গিয়াস উদ্দিন আল মামুন জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। তখন থেকেই তিনি কারাগারে আছেন।
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে এক মামলায় আদালতের রায়ে সাত বছর কারাদণ্ড হয়েছে মামুনের। ওই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে জজ আদালত খালাস দিলেও আপিলের রায়ে হাই কোর্ট তাকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেয়।
চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে আরও অন্তত ২০টি মামলা রয়েছে মামুনের বিরুদ্ধে।
