কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা এলাকা থেকে ওই কনস্টেবলকে ছয় বোতল ফেনসিডিলসহ আটক করেন।
পরে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
আটক কনস্টেবলের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগায় (নামাজের চর) পুলিশ কেন্দ্রে কর্মরত রয়েছেন।
আটক জাহাঙ্গীর আলমের বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তরিয়া গ্রামে।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার শহিদুর রহমান জানান, ওই কনস্টেবলকে ছয় বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। এরপর অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান জানান, ওই কনস্টেবল জরুরি ডাক নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে যান। এরপর তিনি ফেনসিডিলসহ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে ধরা পড়েন।
অভিযুক্ত কনস্টেবল এক সপ্তাহ আগে ওই কেন্দ্রে যোগদান করে বলে তিনি জানান।
