কাশ্মীর থেকে অতিসত্বর কড়াকড়ি তুলে নিতে যুক্তরাষ্ট্রের আহ্বান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৮ পিএম

ভারত শাসিত জম্মু-কাশ্মীর থেকে অতিসত্বর কড়াকড়ি তুলে নিতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এই ইস্যুতে ওয়াশিংটনের মনোভাব স্পষ্ট করেন।

আগস্টের শুরুতে কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের বিজেপি সরকার। অঞ্চলটিতে কঠোর কড়াকড়ি ও সামরিক নিরাপত্তা জারির কারণে ৫০ দিনেরও বেশি সময় ধরে কাশ্মীরের সঙ্গে পুরো বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।

সাবেক তিন মুখ্যমন্ত্রীসহ ২০০ জনের মতো স্থানীয় নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত আটকের সংখ্যা অন্তত ৪ হাজার।  

সরেজমিনে পর্যবেক্ষকেরা জানান, প্রতি ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কাউকে না কাউকে। অল্পবয়সী থেকে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষেই নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না।   

এমন পরিস্থিতিতে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করার বারবার আহ্বান করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এনডিটিভি জানায়, সম্প্রতি মোদির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা বেশ লক্ষণীয় হলেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক শীর্ষ কর্মকর্তা অ্যালিস ওয়েলসের সাংবাদিকদের কাছে কাশ্মীর নিয়ে ওয়াশিংটনের গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন।

তিনি বলেন, “স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ  গণগ্রেপ্তার এবং বাসিন্দাদের ওপর বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।”

ওয়েলস বলেন, “আমরা আশা করছি, ভারত সরকার দ্রুত পদক্ষেপ নিবে। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেবে।”

তিনি জানান, কাশ্মীরে প্রতিশ্রুত নির্বাচনের দ্রুত তফসিল ঘোষণার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া উত্তেজনা কমাতে ভারত-পাকিস্তান চাইলে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট।

আগস্টের শুরুতে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এ নিয়ে কয়েকবার দুই দেশের মধ্যে মধ্যস্থতায় তার আগ্রহের কথা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুজনের সঙ্গেই বৈঠক করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে এক মঞ্চে দাঁড়িয়ে মোদির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। আবার ইমরান খানের কাছ থেকে কাশ্মীর পরিস্থিতি শুনে উদ্বেগ প্রকাশও তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত