ফেনসিডিল নিয়ে সহযোগীসহ কনস্টেবল আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭ এএম

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল খায়রুল ইসলামকে (৩৪) কে আটক করেছে বিজিবি। এ সময় তার সহযোগী রফিকুল ইসলামকেও (৩৮) আটক করা হয়। উদ্ধার করা হয় ৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল।

শুক্রবার সন্ধ্যায় জীবননগর উপজেলার শিংনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম মেহেরপুর শহরের ঈদগা পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে বর্তমানে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। আর রফিকুল ইসলাম সিংনগর গ্রামের ওয়াছেদ আলীর ছেলে। রফিকুল ইসলাম চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক নতুন খবর পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদের ছোট ভাই।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির একটি দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার সিংনগর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করা হয় পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম ও তার সহযোগী রফিকুল ইসলামকে। 

স্থানীয় রাজাপুর বিওপির নায়েক সুবেদার হুমায়ন কবির জানান, ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবলের সাথে আটক হওয়া রফিকুল চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক নতুন খবরের প্রকাশক সাদেকুর রহমান বকুল ও সম্পাদক আসাদুজ্জামান আসাদের ছোট ভাই। পত্রিকা সম্পাদকের ভাই এ দাপটে সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত পুলিশ কনস্টেবল খায়রুল ও সহযোগী রফিকুলকে মামলা দিয়ে রাতেই জীবননগর থানাতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত