বিয়ে দিতে না পারায় ঘটকের আত্মহত্যা!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭ এএম

ছেলেপক্ষ না আসায় বিয়ে পন্ড হওয়ার ঘটনায় অপমানিত হয়ে মাগুরার মহম্মদপুরের বাশো গ্রামে শহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে। তিনি পেশায় একজন ঘটক। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের ছুরমান শেখের ছেলে।

স্থানীয় বাবুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাঈম হাসান বাবলু জানান, মাগুরার মহম্মদপুরের বাশো গ্রামের হাবি মোল্যার মেয়ে রুমির সঙ্গে ফরিদপুর জেলার কোমরপুর গ্রামের দলিল উদ্দিন মোল্যার ছেলে সাবু মোল্যার বিয়ে ঠিক হয়। যার ঘটক ছিলেন শহিদুল ইসলাম। রুমি ও সাবুর মধ্যে আগে থেকে সম্পর্ক আছে। পাশাপাশি তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছে এমন কাগজপত্র দেখিয়ে মেয়েপক্ষকে বিয়েতে রাজি করান শহিদুল। এমনকি বিয়ের জন্য মেয়েপক্ষ ঘটকের কথামতো ছেলেকে কিছু টাকা অগ্রিম পর্যন্ত দেয়। কিন্তু শুক্রবার বিয়ের নির্ধারিত দিনে ছেলের পরিবারের লোকজন বিয়েতে রাজি নয় মর্মে জানিয়ে দেয়। এটি জেনে মেয়েপক্ষ ঘটককে নানাভাবে কটূক্তি করে। এ ছাড়া বিষয়টি নিয়ে ঘটকের নিজের বাড়ির লোকজন গালমন্দ করে শহিদুলকে। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকালে নিজ বাড়ির পাশে একটি আমগাছে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন শহিদুল। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। শহিদুলকে এলাকায় ঘটক হিসেবে জানে সবাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত