বিএনপি হচ্ছে দুর্নীতিবাজদের দল : আইনমন্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৭ এএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি হচ্ছে দুর্নীতিবাজদের দল। তাদের চেয়ারম্যান হচ্ছেন এতিমের টাকা চোর। এটা আদালতে সাব্যস্ত এবং তাকে এতিমের টাকা চুরি করার দায়ে জেল দেওয়া হয়েছে। আর সিনিয়র কো-চেয়ারম্যান দুর্নীতিবাজ, মানি লন্ডারিংয়ের মামলায় সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেওয়া অপরাধী। তিনি মুচলেকা দিয়ে বলেছেন যে আমি অপরাধী আমাকে মাফ করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন।

গতকাল শুক্রবার সকালে আখাউড়া রেলজংশন চত্বরে ‘আত্মীয়’ নামের একটি সংগঠনের অনলাইনে রক্তদাতা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন, সেই অভিযান চলবে। তার কারণ প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এ সরকারের জিরো টলারেন্স। যারা এই অপরাধে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ শাহ আলম। উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত