সরকারি হিসাবে ডেঙ্গুতে চলতি বছর মৃত্যুর সংখ্যা আরও ৬ জন বাড়ল। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২৩১টি মৃত্যুর তথ্য এসেছে। এদের মধ্যে অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করে ৮১ জনকে ডেঙ্গুর কারণে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় সন্দেহজনক মৃত্যু ছিল ২২৪টি এবং নিশ্চিত মৃত্যু ছিল ৭৫টি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৩৮৮। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন রোগী কমেছে ২৮ জন। তবে নতুন আক্রান্তদের মধ্যে চার ভাগের প্রায় তিন ভাগ ঢাকার বাইরে। এই সময়ে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ জন আর ঢাকার বাইরে ২৭৮ জন।
চলতি বছর সারা দেশে ৮৬ হাজার ৯০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ১১৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৫৫৭ জন। এদের মধ্যে ঢাকা শহরে ৫৬৭ ও ঢাকার বাইরে ৯৯০ জন।
