প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন-ভাতা ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে আগামী ১৮ অক্টোবর বিভাগীয় সমাবেশ এবং ২৫ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যা সহকারী শিক্ষকদের কাম্য নয়। এ সময় আগামী ২৪ অক্টোবরের মধ্যে সরকারকে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে ১১তম গ্রেড বাস্তবায়ন করার আহ্বান জানান নেতারা। অন্যথায় ২৫ অক্টোবরে অনুষ্ঠেয় ঢাকার মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
