শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে । প্রত্যেকটি উন্নয়নের সাথে জনগণকে সংশ্লিষ্ট করা হচ্ছে। বর্তমান সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। জনগণের আস্থা পূরণের লক্ষ্যে দেশের উন্নয়নকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে সরকার।
শনিবার সন্ধ্যায় মনোহরদী উপজেলার মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও তৃণমূল কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোন অন্যায় আর দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে।
মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, যুবলীগ নেতা মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
