জলবায়ু পরিবর্তন মোকাবিলার ডাক মাহাথিরের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৪ পিএম

যুদ্ধের পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগ প্রশমনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তুত হওয়া উচিত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গতকাল শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে সিএনএন।

মাহাথির বলেন, ‘আমরা হাজার হাজার বছর ধরে যে স্বাভাবিক পরিবেশে অভ্যস্ত, সেই পরিবেশ ফিরিয়ে আনতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের প্রস্তুত হওয়া উচিত। এসব দুর্যোগ কীভাবে সহনীয় করা যায় তা আমাদের শেখা উচিত।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি দুর্যোগ বৈশ্বিক দুর্যোগ বিবেচনায় নিয়ে সেখানে দ্রুত যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দুর্যোগ বিশেষজ্ঞ দলগুলোকে। অবশ্য ওই সব দুর্যোগ না-ও ঘটতে পারে। তবে আমরা ওগুলোর ওপর নির্ভর করতে পারি না। যখন গ্রহটি (পৃথিবী) তার পরবর্তী চক্রের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদের সবাইকে মুছে ফেলতে (ধ্বংস) পারে, তখন আমরা আরও বিধ্বংসী অস্ত্র আবিষ্কারের জন্য, যুদ্ধের জন্য আমাদের অর্থ ব্যয় করছি।’ অস্ত্র উৎপাদনের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি মানুষ হত্যার (অস্ত্র কেনা) বাজেট হ্রাস করি, তবেই গবেষণা ও প্রস্তুতির জন্য তহবিল থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত