শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্য সংকটের কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্য সংকটে কয়েক দিন ধরে এই নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গতকাল শনিবার ভোর ৫টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া ঘাট থেকে মধ্যম ও কে-টাইপের পাঁচটি ফেরি পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকটে রো রো (বড় ফেরি) ও ডাম্প ফেরি বন্ধ রয়েছে।
অন্যদিকে, মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে কর্মরত পুলিশের সার্জেন্ট মুনজিৎ নন্দী জানান, কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নতুন করে নদীভাঙন, নাব্য সংকট ও তীব্র স্রোতে গতকাল রাতে দুটি ফেরি আটকে যাওয়ায় ঘাট এলাকায় ছোট-বড় অনেক গাড়ি জমে গেছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রী ও শ্রমিকরা। উভয় পাড়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। আটকে আছে কয়েকটি লাশবাহী গাড়িও। সুযোগ বুঝে নিষিদ্ধ ট্রলার মোটরবাইকও যাত্রী পার করছে। বিকল্প নৌরুট ব্যবহারের পরামর্শ দিচ্ছে ঘাট কর্তৃপক্ষ।
