‘সোলায়মান প্রণোদনা’ পেলেন গাইবান্ধার চঞ্চল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫ পিএম

থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০১৯’ গ্রহণ করলেন গাইবান্ধার সারথী থিয়েটারের জুলফিকার চঞ্চল। এর আগেই জানানো হয়েছিল চঞ্চল পাচ্ছেন এ বছর সোলায়মান প্রণোদনা। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, রোকেয়া রফিক বেবী, ঠা-ু রায়হানসহ অনেকে। সম্মাননা গ্রহণ করে জুলফিকার চঞ্চল বলেন, ‘গাইবান্ধা শহর থেকে ৮ কিলোমিটার দূরে অজপাড়াগাঁয়ে আমাদের থিয়েটার চর্চা। সেখানে নাচ, গান, আবৃত্তি, নাটকের মধ্য দিয়ে ২৫ বছর ধরে নাট্যচর্চা করছি। এই সম্মাননা রাজধানীর বাইরে থাকা স্বপ্নবাজ নাট্যশিল্পীদের উৎসাহ জোগাবে।’ একই অনুষ্ঠানে এস এম সোলায়মান স্মারক বক্তৃতা দেন ভারতের নাট্যগবেষক ও সংগীতশিল্পী দেবজিত বন্দ্যোপাধ্যায়। থিয়েটার আর্ট ইউনিটের শিল্পীরা সোলায়মানের নাটকের গান ও কিছু দৃশ্য অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন।

‘পঞ্চসঙ্গী’ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গতকাল শনিবার জাঁ নেসার ওসমান পরিচালিত চলচ্চিত্র ‘পঞ্চসঙ্গী’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কথাশিল্পী শওকত ওসমান রচিত ‘পঞ্চসঙ্গী’ থেকে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। উদ্বোধনী প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুভূতি ব্যক্ত করেন শিশুতোষ চলচ্চিত্রের পরিচালক জাঁ নেসার ওসমান।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত