নাটোরের বাগাতিপাড়ায় চা খেয়ে ৫০০ টাকার নোট দেওয়ায় গ্রাহক কালাম হোসেনকে (৫৫) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে চা বিক্রেতার বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে উপজেলার রহিমানপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কালামের স্ত্রী রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রহিমানপুর গ্রামের বাসিন্দা কালাম হোসেন জানান, শুক্রবার বিকেলে রহিমানপুর বাজারে আবুল হোসেনের চায়ের দোকানে তারা তিনজন চা খেতে যান। সেখানে আবুল হোসেন ও তার ছেলে ইউসুফ আলী চা বিক্রি করেন। চা-বিস্কুট খেয়ে তাদের ১৫ টাকা বিল হয়। খুচরা না থাকায় ৫০০ টাকার নোট দিলে রেগে কালামের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন চা বিক্রেতা বাবা-ছেলে। একপর্যায়ে আবুলের ছেলে ইউসুফ তাকে মারপিট শুরু করে এবং স্ক্রু ড্রাইভার দিয়ে শরীরে আঘাত করে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা কালামকে নিয়ে হাসপাতালে ভর্তি করান।
ইউসুফ বলেন, এর আগেও তার দোকানে কালাম চা খেয়ে টাকা পরিশোধ করেননি। ঘটনার দিনও বিল না দিয়ে চলে যাওয়ার সময় টাকা চাওয়ায় তিনি বাবাকে গালিগালাজ করতে থাকেন। বিষয়টি সহ্য করতে না পেরে তিনি কালামকে মেরেছেন। হাতে থাকা গ্যাস লাইটার লেগে কালামের শরীরের কোথাও কেটে যেতে পারে।
বাগাতিপাড়া থানার এএসআই আবদুল আওয়াল জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
