মন্ত্রীরা ত্রাণের টাকায় বন্যাদুর্গত এলাকায় গিয়েছেন: টিআইবি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৫ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বন্যাপরবর্তী এক গবেষণা চালিয়ে রোববার জানিয়েছে, এবার দেশের উত্তরাঞ্চল ও সিলেট অঞ্চলের ২৮ উপজেলার ১৯৮৮ সালের বন্যার ক্ষয়ক্ষতিকেও ছাড়িয়ে গেছে। এর বিপরীতে সরকারি সহায়তা ছিল নগণ্য। ত্রাণ বিতরণে ছিল বিভিন্ন ধরনের অনিয়ম।

টিআইবি জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করা হয়েছে রাজনৈতিক বিবেচনা ও স্বজনপ্রীতি করে। অভিযোগ আছে, মন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শনের ব্যয় মেটানো হয়েছে ত্রাণের টাকা থেকে।

রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়।

গবেষণায় বলা হয়েছে, বন্যার সময় ও পরে ত্রাণ বিতরণের জন্য রাজনৈতিক বিবেচনা এবং স্বজনপ্রীতি করে তালিকা করা হয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের প্রত্যাশিত ভূমিকা ছিল না। কোনো এলাকায় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা অধিকতর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাদ দিয়ে আত্মীয়স্বজনের তালিকা প্রণয়ন করেছেন। দুর্গত মানুষের মধ্যে মাথাপিছু বরাদ্দের চেয়ে কম ত্রাণ বিতরণ করা হয়েছে। জিআর চাল ১০ কেজির বদলে ৩ থেকে ৮ কেজি করে দেওয়া হয়েছে। আবার কাউকে কাউকে দুবারও দেওয়া হয়েছে।

গবেষণায় আরো বলা হয়েছে, বন্যা চলাকালে ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি ত্রাণ বরাদ্দ ছিল ৪ থেকে ৭৬ টাকা পর্যন্ত। বন্যার পর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘরপ্রতি গড়ে ২০ থেকে ৭৭২ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে, যা ছিল প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।

সংস্থাটি জানায়, ত্রাণ পরিবহনে বরাদ্দ না থাকায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তা মেটানো হয়েছে। উপজেলা পর্যায়ে চালের বস্তা পরিবহনে সরকারি বরাদ্দ না থাকার অজুহাতে চেয়ারম্যানরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নির্ধারিত বরাদ্দের চেয়ে কম চাল দিয়েছেন।

টিআইবি জানায়, এ বছরের বন্যায় ২৮টি উপজেলায় স্থানভেদে ৪০ লাখ মানুষ ১০ থেকে ১৫ দিন পানিবন্দী ছিল। সরকারি হিসাবে ১০৮ জনের প্রাণহানি ঘটেছে, বেসরকারি হিসাবে যা ছিল ১১৯। বন্যায় কিছু উপজেলার ৮০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে যায়। 

গবেষণায় বন্যা মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের গৃহীত কিছু পদক্ষেপের প্রশংসাও করা হয়েছে। বলা হয়েছে, বন্যার আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে নদীর পানি বৃদ্ধি ও বন্যার পূর্বাভাসসংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করা হয়েছে। বন্যা সম্পর্কে সতর্কবার্তা পাঠানোর জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা চলার সময়ে সংশ্লিষ্ট জেলাগুলোতে সীমিত পরিসরে ত্রাণ বরাদ্দ করা হয়। 

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বেড়েছে। তা সত্ত্বেও আরও অনেক কিছুই করার আছে। মন্ত্রী বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন তার কাজের অংশ হিসেবে। তবে কোথাও কোথাও মন্ত্রীর পরিদর্শন ব্যয় মেটানো হয়েছে ত্রাণের বরাদ্দ থেকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত