লোহাগাড়া কমলনগর ও কেন্দুয়ায় ৩ লাশ উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৫ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের, নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক থেকে অজ্ঞাত তরুণের এবং চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলের বারান্দা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

লক্ষ্মীপুর : কমলনগরের চর কাদিরা ইউনিয়নের বাদামতলীতে শ্বশুরবাড়ি থেকে আল-আমিন (২৭) নামে এক জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মৃতের পরিবারের দাবি, মারধর করে বিষ খাইয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে শ^শুরবাড়ির লোকজন। নিহত আল-আমিন একই উপজেলার মাতাব্বর হাট এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।

নিহতের দুই ভাই মো. জসীম ও জুলহাস জানান, সাত ভাইয়ের মধ্যে আল-আমিন সবার ছোট। তিন বছর আগে বাতামতলী এলাকার আজাদের মেয়ে নাজমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছর বয়সের এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক বিরোধ চলে আসছিল তাদের। শনিবার বিকেলে আল-আমিন তার শ^শুরবাড়িতে যান। সন্ধ্যার আগমুহূর্তে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পান তারা। শ^শুরবাড়ির তিনজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ।

নেত্রকোনা : কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া-আঠারোবাড়ি সড়ক থেকে অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানার পুলিশ। রবিবার ভোরে পুলিশ টহলের সময় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বঙ্গানিয়া মোড় এলাকায় ওই মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লোহাগাড়া (চট্টগ্রাম) : লোহাগাড়ার কলাউজান হিন্দুরহাট এলাকায় ‘কলাউজান কিন্ডারগার্টেন ইনস্টিটিউটের বারান্দা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত আবু সুফিয়ান (৩৮) উপজেলার উত্তর কলাউজান সাম মহাজনবাড়ির নুরুল ইসলামের ছেলে ও তিন সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা স্কুলে এলে এক যুবকের লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে থানা পুলিশে খবর দেয়। স্থানীয়রা ধারণা করছেন, কে বা কারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত