স্ত্রী হত্যায় স্বামীসহ দ্জুনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী (৪৫) আলো খান এবং তার বান্ধবী পাখি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে পাখি বেগমকে (৪০) ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল রবিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের লাল মিয়ার স্ত্রীর পাখি বেগমের সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী আলো খানের। এ ঘটনার জের ধরে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি রাতে তর্কবিতর্কের একপর্যায়ে আলো খান তার স্ত্রী বিউটি বেগমকে (৪০) গলাটিপে হত্যা করে। পরে বাড়ির পাশে একটি কচুক্ষেতে নিহত স্ত্রীর লাশ ফেলে দেওয়া হয়। এ ঘটনায় বিউটি বেগমের ভাই ফোরকান বাদী হয়ে ৬ ফেব্রুয়ারি আলো খান ও পাখি বেগমকে আসামি করে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ১০ অক্টোবর পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়া তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর দোষী প্রমাণিত হওয়ায় আদালত আলো খানকে আমৃত্যু যাবজ্জীবন ও পাখি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। আসামিদের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন বিচারক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত