পদ্মায় পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জের আরও এলাকা প্লাবিত

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৫:৫৯ পিএম

টানা বৃষ্টির সঙ্গে ফারাক্কার গেট খুলে দেওয়ার কারণে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের আরও বেশ কিছু গ্রাম বন্যা কবলিত হয়েছে। বন্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের ১১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১৮ সেন্টিমিটার। মঙ্গলবার দুপুর ১২টায় পদ্মা ২২ দশমিক ১২ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তা বিপদ সীমার ৩৮ সেন্টিমিটার নিচে রয়েছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মা তীরবর্তী চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, দুই উপজেলার ১১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলি, দেবীনগর, চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের ৩ হাজার পরিবার ও শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর, মনাকষা, দুর্লভপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৮ হাজর পরিবার। এসব এলাকায় ব্যাপক পরিমাণ ফসলি জমিও পানির নিচে তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত