কুমিল্লায় নানা আয়োজনে উপমহাদেশের বাংলা গানের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের (এসডি বর্মণ) ১১৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে এসডি বর্মণের পৈতৃক ভিটা চর্থার নবাববাড়ির অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবুল ফজল মীর। এরপর একে একে কুমিল্লা শিল্পকলা একাডেমি, নজরুল পরিষদ, কালচারাল কমপ্লেক্স, কুমিল্লা ইউসুফ হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে কালচারাল কমপ্লেক্সের সহযোগিতায় সুরের ধারা শচীনের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, কালচারাল কমপ্লেক্সের সদস্য পাপড়ি বসু, দিলনাশী মোহসেন, হাসান ইমাম মজুমদার ফটিক, বশিরুল আনোয়ার, শাহজাহান চৌধুরী, ফরিদউদ্দিন সিদ্দিকী প্রমুখ।
শচীন দেব বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লার নবাববাড়ি সংলগ্ন দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। তার বাবা নবদ্বীপ কুমার বর্মণ ১৮৭০ সালের মাঝামাঝি সপরিবারে কুমিল্লা এসে বসতি স্থাপন করেন। তিনি তৎকালীন ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মানিক্য বাহাদুরের সৎভাই ছিলেন।
শচীন দেব বর্মণ কুমিল্লা জিলা স্কুল থেকে এন্ট্রান্সের পর ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯২৪ সালে বিএ পাস করেন। ততদিনে তার সংগীতের প্রতিভা ছড়িয়ে পড়ে গোটা দেশে। গানের নেশায় রাজ পরিবার ছেড়ে শচীন গ্রামগঞ্জে ঘুরে বেড়াতেন।’
