পাকুন্দিয়ায় বাড়িছাড়া পরিবার

জামিনে ছাড়া পেয়ে হামলা বাদীকে হত্যার হুমকি

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০১:৪৯ এএম

পাকুন্দিয়ায় বাড়িঘরে হামলা-ভাঙচুর, দখল চেষ্টা ও দুই নারীসহ তিনজন গুরুতর আহতের ঘটনার মামলার আসামিরা জামিনে এসে বাদীকে বাড়িছাড়া করেছে। সন্ত্রাসী ওই ভূমিদস্যু দলের প্রাণনাশের হুমকিতে ভয়ে এখন স্বজনদের বাড়িতে পালিয়ে গেছেন বাদীর পরিবারের সদস্যরা। ঘটনাটি পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামে ঘটেছে।

মামলা সূত্র ও স্থানীয়রা জানান, উপজেলার চন্ডিপাশা গ্রামে বোরহান উদ্দিনের সঙ্গে একই এলাকার লিপি আক্তার, রৌশনারা আক্তার ও ছামসুল আলমসহ তাদের পৈতৃক বাড়ির সীমানা নিয়ে পাকুন্দিয়া আদালতে মামলা চলে আসছিল। মামলার রায় লিপি আক্তারদের পক্ষে এলে আদালতের লোকজন গত ২২ আগস্ট তাদের বাড়ির সীমানায় লাল নিশান পুঁতে বুঝিয়ে দেয়।

কিন্তু গত ২ সেপ্টেম্বর মামলার বিবাদী পক্ষ বোরহান উদ্দিন ও মামুন মিয়া গং সন্ত্রাসী দল নিয়ে লিপি আক্তারদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে লিপিদের জমি দখলের চেষ্টা চালায়।

এ সময় দা ও কিরিচের আঘাতে লিপি আক্তার, রৌশনারা আক্তার, ছামসুল আলমসহ গুরুতর আহত পরিবারের ছয় সদস্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন।

এ ব্যাপারে আহতদের ভাই সেলিম জাহান বাদী হয়ে থানায় আরেকটি মামলা করেন। কিন্তু পরে ১নম্বর আসামি ছাড়া সকলেই অর্থ জরিমানায় জামিনে এসে আবার বাদীর বাড়িঘরে হামলা চালিয়ে তাদের মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয়।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। এখন কোর্টকে বিষয়টি অবগত করিয়ে বিচার দাবি করতে হবে বাদীকে। এ ব্যাপারে আমাদের তেমন কিছু করার নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত