কাশ্মীরের অগ্রগতিতে পাকিস্তানের ৭০ বছরের পরিকল্পনা ব্যর্থ হবে, এমনটাই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে পররাষ্ট্রনীতি নিয়ে বক্তব্য রাখেন তিনি।
এনডিটিভি জানায়, অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘সেখানে (জম্মু ও কাশ্মীরে) মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ৭০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখেছে। সীমান্তের ওপারেও স্বার্থান্বেষীদের আগ্রহ রয়েছে।’
তিনি বলেন, ‘যখন পরিস্থিতি স্থিতিশীলভাবে পরিবর্তিত হয় তখন সেখানে বিভিন্ন ঝুঁকি দেখা দিতে পারে। উল্লেখযোগ্যভাবে প্রতিক্রিয়া হবে এটাও প্রত্যাশিত।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা যদি জম্মু ও কাশ্মীরের উন্নয়নকে বাস্তবায়িত করতে পদক্ষেপ করি তাহলে পাকিস্তানিরা গত ৭০ বছর ধরে যা কিছু পরিকল্পনা করেছে তা ব্যর্থ হয়ে যাবে।’
জয়শঙ্করকে প্রশ্ন করা হয় যে জম্মু ও কাশ্মীরের জন্য অস্থায়ী সাংবিধানিক বিধানগুলিতে ভারতের সাম্প্রতিক পরিবর্তন এবং ঝুঁকি কতটা রয়েছে। তিনি বলেন, ‘এখানে কোনও কিছুই সহজে ঘটানো সম্ভব নয়। সুতরাং এই পদক্ষেপ করার জন্য শুরুতেই আমাদের যেটা লক্ষ্য সেটা হলো প্রাণহানি রোধ করা এবং তারপরে পরিবর্তন করা, সেই কারণেই সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
প্রসঙ্গত, ৫ আগস্ট সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার।
তার আগের রাত থেকে রাজ্যটিতে আরোপ করা হয় কঠোর নিরাপত্তা পরিস্থিতি। ইন্টারনেট সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়।
তিন সাবেক মুখ্যমন্ত্রীসহ বন্দী করা হয় দু’শ এরও অধিক রাজনৈতিক নেতাকে। এখন পর্যন্ত অন্তত ৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় রাজ্যটিতে।
