ঈশ্বরদীতে ট্রাক চাপায় সম্পদ হাসান (১৬) নামের এক দশম শ্রেণির স্কুলছাত্র (এসএসসি পরীক্ষার্থী) নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঈশ্বরদী-কুষ্টিয়া (আই.কে) মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে মহা-সড়কের উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের সাকড়েগাড়ী মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত সম্পদ হাসান ভাষা শহীদ বিদ্যানিকেতনের ১০ম শ্রেণি বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ও জগন্নাথপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
স্কুলের প্রধান শিক্ষক মোক্তার হোসেন জানান, সকালে প্রাইভেট পড়ে ৯টার সময় সাইকেল চালিয়ে স্কুলে আসছিল সম্পদ হাসান। সাকরেগাড়ী মোড় পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সম্পদ হাসানকে পিষ্ট করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই সম্পদ হাসানের মৃত্যু হয়। ট্রাকের চাপায় পিষ্ট হওয়ায় লাশটি বিকৃত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি জানান, মুহূর্তের মধ্যে সহপাঠী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে ঈশ্বরদী-কুষ্টিয়া (আই.কে) মহাসড়ক অবরোধ বিক্ষোভ প্রদর্শন করে। সে সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাকরেগাড়ী মোড়ে স্পিড ব্রেকার নির্মাণ, ঘাতক চালকের গ্রেপ্তারসহ নিরাপদ সড়কের দাবি জানিয়ে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় মহা-সড়কের উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা অনড় অবস্থানে থাকে। একপর্যায়ে ওসি সেখান থেকে ফিরে গিয়ে ঘাতক ট্রাক চালক রুবেল হোসেনকে আটক করে পুনরায় ঘটনাস্থলে গিয়ে সেই কথা জানিয়ে শিক্ষার্থী দাবি মেনে নিলে আন্দোলন ও অবরোধ প্রত্যাহার করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তাদের সহপাঠী প্রিয় বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু তারা কোন ভাবেই মেনে নিতে পারছেন না। তাই তারা বন্ধুর হত্যার বিচার দাবিতে রাস্তায় নেমেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে স্থানীয় এলাকাবাসী একাত্মতা প্রকাশ করে যোগ দেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহত শিক্ষার্থী সম্পদ হাসানের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
