ভোলায় রাতভর উত্তেজনা

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১১:৪৩ পিএম

ভোলায় সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইভানের পরিবারকে পিস্তল দেখিয়ে হুমকি ও বাসার সামনে ফাঁকা গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনও তার বাড়িতে হামলা এবং ফাঁকা গুলি ছোড়ার পাল্টা অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানায়, রাতভর দুই গ্রæপের মহড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের এসব ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ ফেইসবুকে ভাইরাল হয়ে পড়লে ঘটনাটি ভোলার টক অব দ্য টাউনে পরিণত হয়।

ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইভান জানান, রাজনৈতিক বিরোধিতার জের ধরে গত মঙ্গলবার রাতে তার বাড়িতে জেলা ছাত্রলীগ সভাপতি পাপন ও তার সহযোগীরা হামলা চালায়। ইভানকে বাড়িতে না পেয়ে পাপন গ্রæপ তার পরিবারের সদস্যদের পিস্তল দেখিয়ে হুমকি দেয়। এ সময় ফাঁকা গুলি ছোড়েন পাপন। পরে বন্ধুদের নিয়ে থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে শহরের উকিলপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পাপনের সহযোগীরা আবারও অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে জেলা ছাত্রলীগ সভাপতি পাপন জানান, ইভানের নেতৃত্বে তার বাসায় হামলা করা হয়েছে। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি করার পাল্টা অভিযোগ করেন পাপন।

এদিকে হিমেল মাহমুদ, জাকারিয়া অমি, নেওয়াজ শরফি কুতুব ও রায়হানসহ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা  জানায়, ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি পাপন বিবাহিত এবং অছাত্র। তাই সংগঠনের চাইতে তার কাছে ব্যক্তি স্বার্থই বড়। কলেজ ছাত্রলীগের সম্পাদক  ইভানের পরিবার এখন আতংকের মধ্যে দিন পার করছে।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত