সিলেট জেলা ও মহানগর আ.লীগের বর্ধিতসভা

নভেম্বরের মধ্যে সম্মেলনের নির্দেশ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০১:৪৭ এএম

আগামী নভেম্বরের মধ্যে সিলেট জেলা ও মহানগরে সম্মেলন আয়োজনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সাংগঠনিক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, দীর্ঘদিন ধরে দলে কোন্দল ও স্থবিরতা বিরাজ করছে। কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে। জেলা ও মহানগরের আওতাধীন অনেক ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি নেই। এজন্য দায়িত্বশীল নেতাদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করা উচিত। গতকাল বুধবার জেলা ও মহানগর আওয়ামী লীগের আলাদা বর্ধিতসভায় এসব কথা বলেন তারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে দলকে ঢেলে সাজানোর লক্ষ্যে সাংগঠনিক সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা এ বর্ধিতসভায় যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহউদ্দিন সিরাজ এবং কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান।

দুপুরে নগরীর রিকাবীবাজারে কবি নজরুল মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় হয় জেলা আওয়ামী লীগের বর্ধিতসভা। এতে তোফায়েল আহমেদ বলেন, ‘মহান নেতা বঙ্গবন্ধুর কর্মী আমরাÑ এটা আমাদের অনেক বড় সৌভাগ্য। সেই নেতার কর্মী হয়ে আমরা যেন কলুষিত না হই। দলকে কলঙ্কিত না করি, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’ সভায় নেতাকর্মীদের উদ্দেশে হানিফ বলেন, ‘সিলেটে যতবার আসি ততবারই শুনি আপনারা ঐক্যবদ্ধ হবেন। কিন্তু আজও হতে পারেননি। গত পাঁচ বছরেও সিলেটে দলের কোনো ইউনিটেই নতুন কমিটি হয়নি। এই ব্যর্থতা দায়িত্বশীল নেতাদের। এজন্য তাদের পদত্যাগ করা উচিত ছিল।’ চলতি অক্টোবরের মধ্যে জেলা ও মহানগরের ইউনিটগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি গঠন করে নভেম্বরে সম্মেলন আয়োজনেরও নির্দেশ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত