অনিবন্ধিত অভিবাসীদের তথ্য সংগ্রহের নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবৈধভাবে প্রবেশের অপরাধে যাদের আটক করা হয়েছে, তাদের ডিএনএ সংগ্রহ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার।
বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) তথ্য নেই এমন সব অভিবাসীর ডিএনএ নমুনা সংগ্রহের পরিকল্পনা করেছে। সংগ্রহের পরে সেই তথ্যগুলো অপরাধীদের ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জাতীয় তথ্যভাণ্ডারে রাখা হবে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএইচএসের কর্মকর্তা বলেন, নতুন এই পরিকল্পনা অভিবাসন প্রত্যাশী ও সীমান্তরক্ষী বাহিনীর সামনে সীমান্তের একটি চিত্র সংক্ষেপে তুলে ধরবে। পাশাপাশি এই অপরাধে কী ধরনের সাজা হয়েছে তার তথ্যও পাওয়া যাবে। তিনি জানান, এ তথ্য দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইর হাতে থাকবে। শুধু তাই নয় অপরাধী শনাক্তে প্রয়োজনে রাষ্ট্রের যেকোনো বাহিনী এ তথ্য পেতে পারে। আরেক কর্মকর্তা বলেন, অবৈধপথে আমাদের দেশে অনুপ্রবেশকারীদের শনাক্ত করার ক্ষেত্রে দারুণ গতি আনবে এই উদ্যোগ।
তিনি জানান, ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে আট অনুপ্রবেশকারীর ডিএনএ নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তখন সেটি হয়নি। এবার নতুন করে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ওই কর্মকর্তা জানাতে পারেননি ঠিক কবে থেকে এই ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হবে।
