ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশের মণ্ডপগুলো মেতেছে উৎসবে। ঢাকের বোলে ধ্বনিত হচ্ছে চট্টগ্রামও। নগরীর ২৭০টি মণ্ডপ মুখরিত ভক্তদের আনন্দ-উল্লাসে।
পাথরঘাটা, হাজারীগলি, নালাপাড়া, গোসাইলডাঙ্গা, টেরিবাজার বাই লেন, পতেঙ্গা, সতীশ বাবু লেন পূজামণ্ডপ ঘুরে দেখা প্রতিটিতে আলাদা বিশেষত্ব দাঁড়িয়েছে। কোনোটি আলোকসজ্জায়, কোনোটি প্যান্ডেলে, কেউ প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে এনেছেন অনন্য আবহ।
পূজার সার্বিক বিষয়ে ৩৪নং পাথরঘাটা দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন মিত্র বলেন, ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে। দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে। প্রতিবছর আমাদের পূজামণ্ডপে লক্ষাধিক দর্শনার্থী-ভক্তের সমাগম হয়। আমরা সবসময় চেষ্টা করি সুশৃঙ্খলভাবে আয়োজনটা দেখানোর। আর এবারের থিম ‘মুক্তি’। ধর্মীয় আলোকে এই থিম নারী শক্তির প্রকাশ। দুর্গাপূজার এই আনন্দের পাশাপাশি বিশ্বমানবতা দেখাতে গোসাইলডাঙ্গা একতা গোষ্ঠীর আয়োজনে থিম ‘মনুষ্যত্ব’। একতা গোষ্ঠীর পূজা পরিষদের সদস্য অম্লান কুমার জানান, প্রতিবছর আধা ঘণ্টা লাইন ধরে নারী-পুরুষ দেবী দর্শনে আসেন। এবারের আয়োজন দেখতে আশা করি সবাই উন্মুখ। এ বছর এই মণ্ডপে দর্শনার্থীর আগমন গত বছরের চেয়ে বাড়বে বলে মনে করছি। গতকাল বিকেলে পাথরঘাটা পূজা মন্দিরে কথা হয় দর্শনার্থী প্রথম জৈনের সঙ্গে। তিনি বলেন, আসলে ষষ্ঠীতে এসেছি কোথায় কী আয়োজন করেছে একটু দেখতে। আর এদিন অন্য দিনের চেয়ে ভিড় কম থাকে। সপ্তমীর দিন বের হব পরিবার নিয়ে। তখন থিমভিত্তিক আয়োজন করা মণ্ডপগুলো দেখব।
