মুন্সীগঞ্জের শ্রীনগরে মামা বাড়িতে বেড়াতে এসে নৌকা থেকে পড়ে গিয়ে মো. সাকির (৫) ও সেজান (২৫) নামে খালাত দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার কুশরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সেজান শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামের আখলাস মিয়ার ও সাকির গাজীপুরের মো. নাসিরের ছেলে।
স্থানীয়রা জানান, শ্রীনগর উপজেলার কুশরিপাড়া গ্রামের মামা বাড়িতে বেড়াতে আসেন খালাতো দুই ভাই সাকির ও সেজান। সকালে মামা বাড়ির অদূরের একটি পুকুরে নৌকায় উঠতে গেলে পানিতে পড়ে যায়।
এ সময় উভয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার সেজান ও সাকিরকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
