রিফাত হত্যা: পলাতক আরও এক আসামির আত্মসমর্পণ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১১:৩৪ পিএম

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত আরেক পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছে।

সোমবার সকালে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে অপ্রাপ্তবয়স্ক এই আসামি। এ নিয়ে তিন দফায় মোট ছয় আসামি আদালতে আত্মসমর্পণ করল।

আসামি পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা কাদের দেশ রূপান্তরকে জানান, আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী অপ্রাপ্তবয়স্ক ওই আসামিকে শিশু আদালতে পাঠান। পরে শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে যশোর শিশুকিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত রবিবার প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত এবং অপ্রাপ্তবয়স্ক আরও ৩ আসামি আদালতে আত্মসমর্পণ করেছিল। তাদের মধ্যে মোহাইমিনুল ইসলাম সিফাতকে বরগুনা জেলা কারাগার এবং অপ্রাপ্তবয়স্ক ওই ৩ জনকে যশোর শিশুকিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৫ আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ৬ আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। যাদের মধ্যে আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান শ্রাবণ জামিনে আছেন।

গত ২৬ জুন সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত রিফাতকে ওইদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান।

এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত