লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে বিপুল অঙ্কের টাকা উত্তোলন, ভুয়া ও জাল ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের পকেটে রাখা, অনুমোদন ব্যতীত মাদ্রাসার গাছ বিক্রি, টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহসহ ১৮টি অভিযোগ নিয়েও বহাল তবিয়তে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন মোসলেম উদ্দিন।
২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত তিন বছরের অভ্যন্তরীণ হিসাব ও নিরীক্ষা শেষে কমিটির দাখিল করা প্রতিবেদনে অধ্যক্ষের এসব দুর্নীতির চিত্র উঠে আসে। মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ তারেকের নেতৃত্বে ৫ সদস্যের অভ্যন্তরীণ হিসাব ও নিরীক্ষা কমিটি প্রতিবেদনে ৪৪টি অডিট আপত্তি দাখিল করেন। অডিট আপত্তিতে টাকার পরিমাণ ১০ লক্ষাধিক। এ ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে অধ্যক্ষ মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে অন্তত ১২ লাখ টাকা তুলেছেন বলে অভিযোগ করা হয়েছে। এগুলোর বিপরীতে তিনি ব্যয়ের কোনো ভাউচার দেখাতে পারেননি।
মাাদ্রাসার দাতা সদস্য ও অভ্যন্তরীণ হিসাব ও নিরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ তারেক অর্থ আত্মসাৎকারী অধ্যক্ষের বিচার দাবি করেন।
ম্যানেজিং কমিটি ও অভ্যন্তরীণ হিসাব ও নিরীক্ষা কমিটির সদস্য জয়নাল আবেদিন বলেন, অধ্যক্ষ মোসলেম শিক্ষা মন্ত্রণালয় প্রবর্তিত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাবরক্ষণ পদ্ধতি নির্দেশিকা’ স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন।
অধ্যক্ষ মোসলেম উদ্দিন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো ষড়যন্ত্রের অংশ। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ও রকম কিছু টাকা হাতে থাকতেই পারে।
অধ্যক্ষের দুর্নীতির এসব চিত্র তুলে ধরে লালমনিরহাটের জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ পাঠিয়েছেন নেছারিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আছগার আলীর ছেলে শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্ত শুরু হলে অনেক কিছু বের হয়ে আসবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক সাংসদ (সংরক্ষিত নারী আসন) ও মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সফুরা বেগম রুমি জানান, তার স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের বিষয়টি তিনি অবগত রয়েছেন। ম্যানেজিং কমিটির সভায় এ নিয়ে আমি অসন্তোষ প্রকাশ করেছি। পরের সভায় এ নিয়ে আলোচনা ও ব্যাংকে গিয়ে বিষয়টি দেখতে হবে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
