রংপুর-৩ আসনের উপনির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। সবাই জানে আমরাই জিতব। এরপরও আওয়ামী লীগ আমাদের প্রার্থী সাদ এরশাদকে সমর্থন দিয়েছে। নৌকা-লাঙ্গল এক হওয়ায় সাধারণ ভোটারদের আগ্রহ ছিল না। এ কারণে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি।’ গতকাল সোমবার তিন দিনের সফরে রংপুর পৌঁছে এরশাদের পল্লীনিবাসে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, ‘এখানকার মানুষের সমর্থন সব সময় জাতীয় পার্টির প্রতি ছিল, যা এবারের নির্বাচনেও প্রমাণ হয়েছে। যদিও নির্বাচনে আগ্রহ কম থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছে। আমাদের কর্মী-সমর্থকরা তো ভোট দিয়েছে।’
চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘মহাজোট গঠনের সময়ই আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা সরকারকে সহযোগিতা করব।’ নির্বাচনে সাদ এরশাদের বিপক্ষে দলের যেসব নেতা কাজ করেছেন, তাদের বিষয়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
