গণপূর্ত বিভাগের অনেক বদনাম আছে, সুনামও আছে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আট বছর মন্ত্রী থাকাকালে আমার সঙ্গে কোনো ঠিকাদারের দেখা হতো না। তারা চেষ্টা করলেও আমার সঙ্গে দেখা করতে পারত না।’
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বায়েজিদ সবুজ উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারের যে নিয়ম আছে, সে অনুযায়ী যে লোয়েস্ট (বিডার) হবে, সে-ই কাজ পাবে। সে যেই হোক না কেন। এখানে আমার বা চিফ ইঞ্জিনিয়ারের কিছু করার নেই।’
ক্যাসিনো বন্ধ হওয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, ক্যাসিনো বন্ধ হয়েছে। যেন এসব আর না চলে সে পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ চাই।’
