লালমনিরহাটে ভিজিএফ কর্মসূচির ৬৫ বস্ত (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল জব্দ করে ইকবাল হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের ডাইলপট্টি এলাকায় রোজি রাইস মিলে অভিযান চালিয়ে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) টিএম রাহসিন কবির। সাজাপ্রাপ্ত ইকবাল হোসেনের বাড়ি লালমনিরহাট পৌরসভার ডাইলপট্টি এলাকায়।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে ডাইলপট্টি এলাকার রোজি রাইস মিলের গুদামে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) টিএম রাহসিন কবির। এসময় ওই গুদাম থেকে ৬৫ বস্তা ভিজিএফ’র চাল জব্দ করেন। সরকারি চাল গোডাউনে রাখার দায়ে রোজি রাইস মিলের মালিক ইকবাল হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।’
তিনি আরও জানান, সাজাপ্রাপ্ত ব্যবসায়ী ইকবাল হোসেনকে রাতেই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
