শিশুদের উন্নত জীবন চায় সরকার : প্রধানমন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০২:১২ এএম

শিশুদের জন্য মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের থাবা থেকে মুক্ত ও উন্নত জীবন নিশ্চিত করা তার সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাসস

শিশুদের জন্য বঙ্গবন্ধুর নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থী ও মাধ্যমিক স্তরে মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন। শিশু অধিকার রক্ষায় বঙ্গবন্ধু শিশু আইন১৯৭৪ অনুমোদন করেন।’

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ প্রতিপাদ্য নিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যন লাকী ইনাম ও ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ভেরা মেনডোনকা এতে বিশেষ অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

খুদেশিশু রওনক জাহান ও আদিল কিবরিয়া পরিচালিত অনুষ্ঠানে শিশুদের পক্ষে বক্তব্য দেয় মাহজাবিন ও আবদুল্লাহ আল হাসান। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শিশুদের লেখা চিঠির একটি সংকলন ও একটি শিশুর আঁকা পোর্ট্রেট শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। পরে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং শিশুদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত