পাহাড়ের খাবার

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০২:৪২ এএম

আদিবাসীদের পছন্দের খাবার রেঁধে রেসিপি  দিয়েছেন উম্মাহ মোস্তফা

কলাপাতায় মোড়ানো মাংস কষা

উপকরণ
মুরগির বুকের মাংস ২৫০ গ্রাম, পেঁয়াজ চারকোনা কাটা ১ কাপ, শুকনো মরিচ ৪টি, মৌরি আধা চা চামচ, দারুচিনি গুঁড়ো আধা চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, নারকেলের দুধ আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন
১. কলাপাতা কেটে ধুয়ে পানি মুছে সামান্য তেল মাখিয়ে রাখুন। 
২. এবার মাংস ও সব উপকরণ একসঙ্গে মেখে নিন।
৩. এবার মাখানো মিশ্রণ কলাপাতায় দিয়ে পেঁচিয়ে বেধে ফ্রাইপ্যানের অল্প আঁচে ১০ থেকে ১২ মিনিট ঢেকে এপিঠ-ওপিঠ ভেজে নামিয়ে পরিবেশন করুন। 

কাচকি মাছের পাতুরি

উপকরণ
কাচকি মাছ ২০০ গ্রাম, আলু কুচি ২ কাপ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ৪ কোয়া, সরিষার তেল সিকি কাপ, নাগা মরিচ ১টি অথবা কঁাচা মরিচ ৬টি , লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন
১. ওপরের সব উপকরণ ভালো করে মাখিয়ে নিন। 
২. কলাপাতা কেটে ধুয়ে পানি মুছে সামান্য তেল মাখিয়ে রাখুন।
৩. এবার মাখানো মিশ্রণ কলাপাতায় দিয়ে পেঁচিয়ে বেঁধে ফ্রাইপ্যানের অল্প আঁচে ১০ থেকে ১২ মিনিট ঢেকে এপিঠ-ওপিঠ ভেজে নামিয়ে পরিবেশন করুন।

নাগা মরিচে চিংড়ির চচ্চড়ি 

উপকরণ
 চিংড়ি ৫০০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, পাপরিকা সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, মাখন ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, নাগা মরিচ ৪টি, রসুন ২ কোয়া, লাল রংয়ের কাঁচা মরিচ থেঁতলানো ২টি , চিনি ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন
১. চিংড়ি মাছ  ধুয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে শুকিয়ে নিন। 
২. মাছে ১ টেবিল চামচ লেবুর রস, পাপরিকা ও ১ চিমটি লবণ মেখে পরিবেশন পাত্রে রাখুন। 
৩. চুলায় প্যানে মাখন দিয়ে রসুন কুচি, নাগা মরিচ ও থেঁতলানো লাল মরিচ দিয়ে একটু ভেজে নিন।
৪. এবার বাকি সব উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে খুব অল্প পানি দিন। রসুন দিয়ে দিয়ে নামিয়ে নিন।
৫. এবার গরম পানির পাত্রের ওপর রেখে ২০ মিনিট ভাপ দিয়ে নামিয়ে পরিবেশন করুন। 

নোনা ইলিশ

উপকরণ
নোনা ইলিশ ২ টুকরো, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন ৩ কোয়া , কাঁচা মরিচ ৪টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, হলুদের গুঁড়ো দেড় চা চামচ, মরিচের গুঁড়ো ২ চা চামচ , জিরার গুঁড়ো ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. কড়াইয়ে তেল গরম করে তাতে আদা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদ এবং মরিচ দিয়ে নাড়তে থাকুন।
২. পেঁয়াজ নরম হলে নোনা ইলিশের টুকরো দিয়ে ঢেকে দিন। এরপর কুচি করে কাটা রসুন দিয়ে নাড়ুন।
৩. শেষে ফালি করা কাঁচা মরিচ ও জিরার গুঁড়ো দিয়ে ভালোমতো নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

বাম্বু চিকেন

উপকরণ
কাঁচা বাঁশ পরিষ্কার করা ১ টুকরো, মুরগির মাংস আধা কেজি, মাংসের মসলা ২ চা চামচ, রসুন ১ চা চামচ, জুমের কাঁচামরিচ ৫০ গ্রাম, আদা ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, লবণ দেড় চা চামচ, কাঁচা পেঁয়াজ কুচি আধা কাপ, সাবারাং পাতা ২টি।

যেভাবে তৈরি করবেন
১. মাংস ধুয়ে সব মসলা মাখিয়ে মেরিনেট করে রেখে দিন ২০ মিনিট।
২. তারপর মাংস বাঁশের ভেতর ঢুকিয়ে কলাপাতা দিয়ে ভালো করে বাঁশের মুখটা বন্ধ করে দিন।
৩. জ্বলন্ত কাঠের কয়লার আগুনে বাঁশটা ৩০ থেকে ৪০ মিনিট রাখুন।
৪. বাঁশ হালকা পোড়া পোড়া হওয়ার পর কয়লা থেকে বাঁশ উঠিয়ে ভেতর থেকে রান্না হওয়া মাংস বের করে গরম-গরম পরিবেশন করুন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত