নবীনগর পৌরসভা নির্বাচন

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিএনপিতে বিভক্তি

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:০২ পিএম

১৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভা নির্বাচন। প্রথমবারের মতো দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে এ নির্বাচনে। ইভিএমে হতে যাওয়া নির্বাচনে একাধিক প্রার্থী নিয়ে বিপাকে বিএনপি। অন্যদিকে ঐক্যবদ্ধ থাকায় সুবিধাজনক অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চেয়ার ধরে রাখতে বিএনপি এবং দখলের চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনী মাঠে প্রচার চালাচ্ছেন দল দুটির নেতাকর্মীরা।

জানা গেছে, ১৯৯৯ সালে গঠিত নবীনগর পৌরসভায় ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৮-এর ডিসেম্বর পর্যন্ত থানা বিএনপির সাধারণ সম্পাদক মলাই মিয়া পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ সালের পৌরসভার প্রথম নির্বাচনে থানা বিএনপি সহসভাপতি মোহাম্মদ মাঈনউদ্দিন মাইনু মেয়র নির্বাচিত হন। কিন্তু এবারের নির্বাচনে তারা কেউ দলীয় মনোনয়ন পাননি। মলাই জগ ও মাঈন মোবাইল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আর দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে লড়বেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন। এতে ত্রিধারায় বিভক্ত হয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা।

শাহাবুদ্দিন বলেন, ‘একাধিক প্রার্থী থাকলেও ভোটে কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। যারা বিএনপিকে ভালোবাসেন, তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।’ বিদ্রোহীপ্রাথী মাঈন বলেন, ‘ক্ষমতাসীন দল ও বিএনপি প্রার্থী মাঠে থাকলেও আমার অবস্থান ভালো। কারণ আমি সবসময় জনগণের সেবা করেছি।’

এদিকে গত উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান এমপি এবাদুল করিম বুলবুল ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল বলয়ে বিভক্ত হয়ে পড়েন। কিন্তু পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক শিব শংকর দাস (নৌকা) প্রতীক পাওয়ায় দুই বলয়ের নেতাকর্মীরা তাদের নেতাদের নেতৃত্বে একমঞ্চে চলে আসেন। ব্যাপক প্রচারও চালাচ্ছেন।

শিব শংকর বলেন, ‘চার দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সবসময়ই মানুষের কল্যাণে কাজ করেছি। নেতাকর্মীরা এখন যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ। নৌকার বিজয় সুনিশ্চিত।’

আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী বশির আহমেদ সরকার পলাশ (কম্পিউটার) ছাড়াও নির্বাচনে পারভেজ হোসেন (হ্যাঙ্গার), মনির হোসেন (ইস্ত্রি) ও জায়েদ প্যারিন (রেল ইঞ্জিন), ফারুক আহমেদ (নারিকেল গাছ), মো. জাহের (লাঙ্গল) ও মো. ইসহাক (চামচ) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো, জিল্লুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত