টাঙ্গাইলে সেতুর সংযোগ সড়কে ধস যোগাযোগ বন্ধ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:০৮ পিএম

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত একটি সেতুর সংযোগ সড়কের মাটি ধসে বড় গর্ত তৈরি হয়েছে। যার ফলে টাঙ্গাইল শহরের সঙ্গে কাতুলী ইউনিয়নের চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কয়েক বছর ধরে প্রভাবশালীরা ধলেশ^রীর নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে এ এলাকায় নদীভাঙন প্রকট হয়েছে। এ কারণে চারাবাড়ি এলাকার সেতুটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। গত বুধবার রাতে বৃষ্টির কারণে সেতুর সংযোগ সড়কের মাটি ধসে বড় আকারের গর্ত তৈরি হয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর উভয়পাশে আটকা পড়েছে যানবাহন। এতে করে বিড়ম্বনায় পড়েছেন চরাঞ্চলের যাত্রীরা। সদর উপজেলার কাতুলী ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, দ্রুত সংযোগ সড়কে মাটি ভরাট করে যান চলাচলে ব্যবস্থা করা হবে।

কাতুলী ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের শেখ মাহবুবুর রহমান চাকলাদার বলেন, এই সেতু দিয়ে প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষ যাতায়াত করে।

এ বিষয়ে এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী গোলাম আজম বলেন, ‘চলতি বছর বন্যায় এই সেতুর সংযোগ সড়কের ক্ষতি হয়। ফলে সেতুটি কয়েক দিন আগে পরিদর্শন করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়েছি। নির্দেশনা পেলেই দ্রুত কাজ শুরু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত